ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় অপর এক শিশু আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কসবা উপজেলার কাইয়ুমপুর ও মূলগ্রাম ইউনিয়নে পৃথক এই ঘটনা ঘটে।  

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মানিক মিয়ার দুই বছরের ছেলে সাফোয়ান খেলা করার সময় বাড়ির পাশে জলাশয়ে সবার অজান্তে পরে গিয়ে নিখোঁজ হয়।

পরে শিশুটিকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে সকাল ১১টায় উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বাড়ির পাশে জমিতে আসা বর্ষার পানিতে খেলা করতে গিয়ে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫) নামে দুই শিশু ডোবায় পানিতে নেমে যায়। এক পর্যায়ে জমিতে থাকা ডোবার গভীর পানিতে ডুবে যায় এই দুই শিশু।

এ সময় বাড়ির লোকজন শিশুদের দেখতে পেয়ে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পরেন।  

পরে পরিবার লোকজন ও প্রতিবেশীরা শিশুদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শিশু জিসান এবং ঝুমা সম্পর্কে দুইজন চাচাতো ভাই বোন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, আমি অবগত নয়। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।