নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় একটি নির্মাণাধীনে ভবনের ওপরে বিদ্যুৎস্পৃষ্টে নীচে পড়ে গিয়ে মো. মোকাদ্দাস আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রামের কচাকাটা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ওই মাদ্রাসা ভবনে বিদ্যুত সংযোগের কাজ করছিলেন মোকাদ্দাস আলী। এ সময় তিনি হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে নীচে পড়ে যান। পরে অন্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার উপপরিদর্শক বাবুল হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।