রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ভাঙচুর
সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের তৈরি মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এ সময় এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি।
শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা এনসিপি ফল উৎসবের আয়োজন করে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফল উৎসবকে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরি কাজ চলছিল।
গত শুক্রবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলে। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারও প্রস্তুতি নেয় এনসিপি নেতাকর্মীরা।
পরে শনিবার বিকেল ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির প্রস্তুতি চলাকালীন হঠাৎ করে ৫০ থেকে ৬০ টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ ভাঙচুর শুরু করেন। এ সময় মঞ্চের সামনের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এছাড়া প্যান্ডেলও খুলে ফেলা হয়। হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ন সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ন সদস্য সচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘এনসিপির একটি ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করছি।’