রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদকের অভিযান

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদকের অভিযান

সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারত ও বাংলাদেশের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য, কর মওকুফে অনিয়ম এবং মালামাল লুটপাটের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।

বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ভারতের কর্মকর্তা কর্মচারীদের তিন বছরের কর মওকুফ করা হলেও, বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের কর মওকুফ করা হয় না।

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, দুই দেশের নাগরিকদের বেতন বৈষম্য, কর মৌকুফে অনিয়ম, কয়লা ক্রয়ে নয়-ছয়সহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

অনিয়ম সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এসব প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী কৈ-গরদাশকাঠি মৌজায় ১ হাজার ৮৩৪ একর জমিতে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুই ইউনিট বিশিষ্ট এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দুই দেশের সরকার। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রথম ইউনিট এবং ২০২৩ সালের অক্টোবর মাসে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যায়। উৎপাদনে যাওয়ার পর থেকে নানা কারণে মাঝে মাঝে বন্ধ থাকে এই বিদ্যুৎ কেন্দ্র।