রাজশাহীতে চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক

রাজশাহীতে চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক

প্রতিকি ছবি

রাজশাহীর পুঠিয়ায় চাঁদার টাকা না দেয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক মো: মাইনুলকে (২৩) আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সাড়ে ৬টার দিকে পৌরসভাধীন কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে

নিহত জুয়েল কৃষ্ণপুর গ্রামের মরহুম আনছারের ছেলে এবং ঘাতক মাইনুল কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল প্রতিদিনের মতোই সকালে দোকানে বসেছিলেন। এ সময় মাইনুল দোকানে ঢুকে নেশার জন্য চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে মাইনুল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করেন। লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করেন এবং গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাইনুলকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

‎এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় জনতা মাইনুলকে খুঁটির সাথে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে