রাজধানীতে কোনো চাঁদাবাজি চলবে না: ড. হেলাল

রাজধানীতে কোনো চাঁদাবাজি চলবে না: ড. হেলাল

সংগৃহীত

ঢাকা-৮ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল, পল্টন, শাহবাগ এবং রমনা এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। এখানে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করবেন। এসব এলাকায় চাঁদাবাজাদের অস্তিত্ব থাকবে না।’

শনিবার (২৮ জুন) রাজধানীর ফকিরাপুল, মতিঝিল কাঁচাবাজার, কমলাপুর এবং বাংলাদেশ ব্যাংক এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। 

এ সময় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমীর হাফেজ মোতাছিম বিল্লাহ, মতিঝিল পূর্বের থানা আমীর নূরুদ্দীন এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. হেলাল বলেন, ‘আমাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তি মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

তিনি বলেন, ‘আমরা একটি সুস্থ, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। গত ১৫ বছর দেশে ফ্যাসিস্ট শাসনামলে দেশে চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতিতে ভরে গিয়েছিল। এ সময় আমাদের ওপর নানাভাবে নির্যাতন করা হয়েছে। মামলা-হামলা করে আমাদের রুখে দিতে চেয়েছিল। আমাকে সরাসরি গুলি করা হয়েছিল। বারবার জেলে নেওয়া হয়েছে। দুইবার গুম করা হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ আমরা আবারও স্বাধীনভাবে আপনাদের মাঝে ফিরে এসেছি।’

ড. হেলাল বলেন, ‘আল্লাহর মেহেরবানীতে গতরাতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছি। কাবাঘরে দেশ, জাতির শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছি। বিশেষ করে ঢাকা ৮ আসনের বাসিন্দাদের জন্য দোয়া করেছি। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছি।’

গণসংযোগ চলাকালে ড. হেলাল উদ্দিন পথচারী, দোকানি, শ্রমজীবী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের সঙ্গে কথা বলেন। অনেককে তিনি বুকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান।