আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালো বিসিবি
ফাইল ছবি
বাংলাদেশ সফরের জন্য ভারত সরকারের অনুমতির অপেক্ষায় আছে তাদের বোর্ড, জানালেন বিসিবি প্রধান।
পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে আরো প্রায় আড়াই মাস আগে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোহিত-কোহলিদের বাংলাদেশে আসা নির্ভর করছে ভারত সরকারের ওপর।
মিরপুরের বিসিবি কার্যালয়ে সোমবার ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলে পরিচালনা পর্ষদের সভা। তবে সভা শেষ হওয়ার আগেই জানা যায়, পূর্ব নির্ধারিত সূচিতে বাংলাদেশে আসছে না ভারত।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের। তবে হঠাৎ বেঁকে বসেছে ভারত।
সভা শেষে সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হঠাৎ কেন বাংলাদেশে আসতে বেঁকে বসলো ভারত, তা স্পষ্ট করে না জানালেও বলেছেন, ‘বিসিসিআইয়ের সাথে আমাদের আলোচনা চলছে। খুব শিগগির হয়তো আমরা জানাতে পারব, কী হচ্ছে। তবে ইতিবাচক আলোচনাই হচ্ছে। আলোচনা চলছে কিভাবে সিরিজটা আমরা করতে পারি।’
‘যদি কোনো কারণে তারা এই মুহূর্তে আগস্টে আসতে না পারে, সেই ক্ষেত্রে আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। তেমন হলে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে হবে সিরিজটি,’ যোগ করেন বিসিবি সভাপতি।
আমিনুল ইসলাম আশ্বাস দেন, বিসিবির পক্ষ থেকে আগস্টেই ভারত সিরিজ আয়োজনের সর্বাত্মক চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব আগস্টেই করার। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না। তবে তারা খুবই পেশাদার ও কো-অপারেটিভ।’
রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় দল দীর্ঘদিন ধরে পাকিস্তান সফরে যায় না। যেখানে কারণ হিসেবে তারা বলে সরকারের অনুমতি না পাওয়ার কথা। এবার পুরনো সেই কথা শোনা গেল বাংলাদেশের জন্যও।
এবার বাংলাদেশ সফরের জন্য ভারত সরকারের অনুমতির অপেক্ষায় আছে তাদের বোর্ড, জানালেন বিসিবি প্রধান। বলেন, ‘জাতীয় দল ছাড়া অন্যান্য দল নিয়ে কিছু কনসার্ন আছে তাদের।’
‘সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্তের অপেক্ষা করছে তারা। তাদের অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সেটাও স্থগিত হয়েছে। তবে আমাদের সাথে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনো আমরা আশাবাদী।’