৫ বছরে সেমিকন্ডাক্টর শিল্পে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা: বিডা চেয়ারম্যান

৫ বছরে সেমিকন্ডাক্টর শিল্পে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা: বিডা চেয়ারম্যান

আশিক চৌধুরী

সেমিকন্ডাক্টর শিল্পে (প্রযুক্তি নির্ভর শিল্প) বিশাল সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ ভালো করতে পারছে না। তাই এ খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। আগামি পাঁচ বছরে এখাতে বিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে। 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) এসব কথা বলেন। 

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পের বিশ্ববাজার ৬শ’ বিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশ সে সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। এ খাতের বিকাশে যে ধরনের সহায়তা দরকার সরকার সেটা করবে। যেটার ঘাটতি রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য স্বল্প ও মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ী, সরকার, বিশেষজ্ঞ নিয়ে কাজ করা হচ্ছে। যারা এখাতে কাজ করছেন তাদের স্কিল বাড়াতে কাজ করবে সরকার। যেখানে ঘাটতি থাকবে, সেখানে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিশ্বের সঙ্গে যোগাযোগ কানেকটিভিটি বাড়ানো হবে। প্রয়োজনে দেশের বাইরে কাজ করা লোকদের হায়ার করা হবে।’ 

আশিক চৌধুরী বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে কয়েকশো মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ হতে পারে। তবে এজন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বব্যাপী ৬শ বিলিয়ন ডলারের বাণিজ্য হলেও এই খাত থেকে মাত্র ৬ মিলিয়ন ডলার পায় বাংলাদেশ। দেশের মেধাবী তরুণরা বিদেশে গিয়ে এই শিল্পে কাজ করেন। সরকার উদ্যোগ নিলে দেশে এমন সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। দেশে চিপ ডিজাইন ও প্যাকেজিং করার সুযোগ আছে। এজন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে হবে।’ 

কয়েক স্তরে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘সক্ষমতা বাড়লে কয়েকশ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।’ 

এই শিল্পে সহায়তা করতে গঠিত জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স প্রধান উপদেষ্টার কাছে ২৩টি সুপারিশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।