মাগুরায় অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

মাগুরায় অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

ছবি : প্রতীকি

মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে নাশকতা ও হত্যা মামলার পলাতক দুই আসামি।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফুল ইসলাম সাচ্চু তারাউজিয়াল গ্রামের মৃত রাহেন উদ্দিন মিয়ার ছেলে ও সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং মিজানুর রহমান টিটো নোহাটা গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড় ভাই। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা মামলা রয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল মিজানুর রহমান টিটো দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি করে দু’টি রিভলভার, আট রাউন্ড তাজা গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এরপরই টিটোকে জিজ্ঞাসাবাদে এবং তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী তারা উজিয়াল গ্রামের বিএনপি নেতা  শরিফুল ইসলাম শরিফুল ইসলাম সাচ্চুর বাড়িতে রাত ৩টার দিকে অভিযান শুরু করে যৌথবাহিনী। সাচ্চুর বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না তৈরি বিদেশি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় সাচ্চুকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, গ্রেফতার নোহাটা গ্রামের মিজানুর রহমান টিটো ও তারাউজিয়াল গ্রামের শরিফুল ইসলাম সাচ্চুকে উল্লিখিত আগ্নেয়াস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।