ভাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ভাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ছবি : প্রতীকি

ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরফান মুন্সি  (১৫) নামক এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামের মৃত মো. হাতেম মুন্সীর পুত্র ও ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

আরফান মুন্সির চাচা ইমারত মুন্সী জানান, সোমবার (৭ জুলাই) রাতে খাবার খেয়ে নিজের রুমে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে আরফান। রাত বারোটার দিকে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তার। এ সময় শারীরিক অসুস্থতা বোধ করে এবং ঘরের সবাইকে ডেকে ওঠায়। আরফান একটা বিড়াল পুষত। প্রথমে ধারণা করেছিল বিড়ালে কামড় বা আঁচড় দিয়েছে। কিন্তু আস্তে আস্তে আরফান তীব্র ব্যথায় নিস্তেজ হতে থাকে, শরীরে জ্বালা পোড়া বেড়ে যায়। পরে সোমবার দিবাগত রাত দুইটার দিকে আরফানকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আরাফান ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।