ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি
সংগৃহীত ছবি
সম্ভাব্য পুশইন প্রচেষ্টা প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাংলা ভাষাভাষী কিছু মানুষকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হিলি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে পুশইনের চেষ্টা হলেও বিজিবির তৎপরতায় তা প্রতিহত করা হয়।
এ পরিস্থিতিতে ফুলবাড়ী সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ২৯ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় রাতভর পাহারাও জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
ফুলবাড়ী ২৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো বিদেশি নাগরিক যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত আছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধেও নিয়মিত অভিযান চলছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।