নিশ্চিত হলো ফুটবলারদের বাধ্যতামূলক বিশ্রাম
ছবি: সংগৃহীত
টানা খেলার শারীরিক ও মানসিক ধকল থেকে কিছুটা স্বস্তি পেতে যাচ্ছেন ফুটবলাররা। ফুটবল ম্যাচের মধ্যে এখন থেকে ন্যূনতম ৭২ ঘণ্টার বিরতি এবং প্রতি মৌসুমের শেষে অন্তত ২১ দিনের ছুটি বাধ্যতামূলক করা হয়েছে।
ফিফা এবং বিভিন্ন খেলোয়াড় ইউনিয়নের মধ্যে এই সিদ্ধান্তে একমত হওয়া হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে ঘনঘন ম্যাচ হওয়ায় খেলোয়াড় ও কোচদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে একাধিক ম্যাচ খেলতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন।
সাধারণত ফুটবল মৌসুম ৯-১০ মাস ধরে চলে, যার মধ্যে থাকে লিগ, ক্লাব প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ম্যাচ। ইউরোপে মৌসুম শেষ হয় মে-জুনে, আবার শুরু হয় আগস্টে। তার আগে জুলাইতে থাকে প্রস্তুতি ক্যাম্প। ফলে ফুটবলারদের ছুটি থাকে খুবই সীমিত।
এবার নতুন করে চালু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে ছুটি আরও কমে এসেছে। এই অবস্থায় ফিফা জানায়, “ম্যাচগুলোর মধ্যে অন্তত ৭২ ঘণ্টার বিরতি এবং মৌসুম শেষে ২১ দিনের ছুটি থাকা আবশ্যক।”
তবে এই ছুটি ও বিশ্রাম ব্যবস্থাপনার দায়িত্ব ক্লাব ও খেলোয়াড়দের ওপরই থাকবে।