তিন ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে ধান বোঝাই ট্রাক আটকের তিন ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে যায়। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জয়দেবপুর রেল স্টেশন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টার চেষ্টায় বিকল হওয়া ট্রাকটি সরাতে সক্ষম হয়। এরপর বেলা ১১ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া বলেন, মির্জাপুর সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে যায়। যার ফলে ওইপাশ থেকে ট্রেন আসতে পারছিল না।
তিনি আরও বলেন, তিন ঘন্টার চেষ্টায় ট্রাকটি সরানো হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।