হাটহাজারী মাদরাসায় গেলেন নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন।
রোববার (২০ জুলাই) রাতে নেতাকর্মীরা মাদরাসায় পৌঁছান। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বরণ করে নেন।
গাড়ি নিয়ে মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করেন নাহিদ ইসলাম। তাকে ঘিরে উচ্ছ্বসিত মাদরাসার শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ গণমাধ্যমকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মাদ্রাসায় গেছেন নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা। সেখান থেকে আবার নগরে ফিরে আসবেন। সোমবার সকালে যাবেন খাগড়াছড়ি জেলায়। সেখানে পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এরপর খাগড়াছড়ি থেকে ফেনীতে কর্মসূচি হবে। নাহিদ ইসলাম ছাড়াও মাদরাসায় সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ প্রমুখ। নেতাকর্মীরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।