গাজীপুরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

গাজীপুরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর দক্ষিণপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে শনিবার দুপুরে আপন চাচাতো ভাইয়ের হামলায় নিলয় সরকার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত নিলয় সরকার উপজেলার পাবুর গ্রামের মনির হোসেনের একমাত্র ছেলে। 

অভিযুক্ত রাসেল সরকার স্থানীয় ইসমাইল হোসেন সরকারের ছেলে। 

শনিবার দুপুরে উপজেলার পাবুর দক্ষিণপাড়ার চান্দুন মসজিদের পাশে রাস্তার ওপর এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিলয় সরকারের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেল সরকারের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমি থেকে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপুরে নিলয় সরকার বলখেলার বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা রাসেল সরকার তার (নিলয়ের) ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় নিলয় মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেলসহ সড়কের পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন বিকট শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে এসে আশঙ্কাজনক অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে হামলার পর লোকজন আসার আগেই রাসেল সরকার ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয়কে কোপানোর পর অভিযুক্ত রাসেল সরকার মোটরসাইকেলে করে পালিয়ে যায়। নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত রাসেল সরকারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।