ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ ফায়ার এলার্ম, আতঙ্কে বেরিয়ে যান নেতারা

ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ ফায়ার এলার্ম, আতঙ্কে বেরিয়ে যান নেতারা

ছবি : সংগৃহীত

একাধিক অঘটনের সাক্ষী হলো জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক। একে তো বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে বিএনপি, এরপর আবার ফায়ার এলার্ম বেজে ওঠে বৈঠক চলাকালে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সবার মধ্যে। ফলে, আলোচনা ছেড়ে দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নেমে যান সবাই।

সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনার জন্য সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি বসে। আলোচনার শুরুতেই ওয়াক-আউট করে বেরিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এরপর বেলা ১২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের ফায়ার এলার্ম বেজে উঠে। এতে কমিশনের সদস্য ও বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়েন। আলোচনা ছেড়ে দ্বিতীয় তলা থেকে তারা নিচ তলায় নেমে আসেন। যদিও পরে বোঝা যায় যায় যে, ভবনে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। পরে কিছু সময় নিচ তলায় কমিশনের সদস্য ও রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে গল্প করে আবার আলোচনা জন্য দ্বিতীয় তলায় ফিরে যান।

আলোচনা অংশ নিতে যাওয়া গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান গণমাধ্যমকে জানান, বেলা ১২টার কিছু সময় পর হঠাৎ ফায়ার এলার্ম বেজে উঠায় রুমের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় কমিশন ও রাজনৈতিক দলের নেতারা দ্বিতীয় তলা থেকে নিচে নেমে আসেন। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ ভুলে অথবা কারও সিগারেটের ধোয়া ফায়ার এলার্মের সিস্টেমে পৌঁছানোর কারণে এলার্ম বেজে উঠেছে। ১২টা ৪৫ মিনিট থেকে আবারও আলোচনা শুরু হয়েছে।