ঢাবিতে নারী হেনস্তার প্রতিবাদে মাঠে বসে খেলা দেখলেন মেয়েরা

ঢাবিতে নারী হেনস্তার প্রতিবাদে মাঠে বসে খেলা দেখলেন মেয়েরা

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে সাবেক এক শিক্ষার্থী দম্পতিসহ সাবেক ও বর্তমান কয়েকজন ছাত্র-ছাত্রী এবং এক নারী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুন) সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে বসে উপভোগ করেন তারা। নারী শিক্ষার্থীদের এই কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ফেসবুক পোস্টে দাবি করেন, শহীদুল্লাহ হলে খেলা দেখতে আসা নারী শিক্ষার্থীদের শিবির-সংশ্লিষ্ট এক নেতার হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদে নারী শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

অভিযোগে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু মিয়ার নাম উঠে এসেছে। শুক্রবার (২৭ জুন) রাতে ঘটে যাওয়া এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগীরা হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একই ঘটনায় হল প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রদল। পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।

প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, রোববার সকাল ৮টায় আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে বসে উপভোগ করবেন।

এ বিষয়ে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, হল সংসদের এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। বিষয়টি হল সংসদকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে হল প্রশাসন। বর্তমান বা সাবেক শিক্ষার্থীদের হলে প্রবেশ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যারা হলে আসবেন, তাদের নিজ দায়িত্বে ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।