ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে যান চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া ও বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের (শেবাচিম) চিকিৎসা সেবা আধুনিকায়নসহ ৩ দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এই অবরোধ শুরু হয়। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সড়ক অবরোধে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। সড়ক বন্ধ থাকায় অবরোধস্থলের দু’দিকে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়েছে। রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর বরগুনা ভোলা ঝালকাঠি পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবরকম যানবাহন চলাচল রয়েছে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সমস্যা নিরসনে আলোচনা চলছে। আশা করি, দ্রুত অবরোধ উঠে যাবে। এদিকে আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার হবে না।
উল্লেখ্য, ছাত্র জনতার ব্যানারে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। টানা ১৪ দিন ধরে চলা এই আন্দোলন কর্মসূচির আওতায় আজ তৃতীয় দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।