প্র্যাকটিসে ফিরল আলবার্তো, স্বস্তিতে মোহন বাগান

প্র্যাকটিসে ফিরল আলবার্তো, স্বস্তিতে মোহন বাগান

ফাইল ছবি।

ডুরান্ড কাপে শনিবারই ডায়মন্ডহারবার এফসি’কে পাঁচ গোলের মালা পরিয়েছে মোহন বাগান।

নক-আউটের আগে আরও বড় খুশির খবর এল মোলিনার ড্রেসিং-রুমে। সন্তানের বাবা হলেন ফুটবলার শুভাশিস বসু। সতীর্থরাও অভিনন্দন জানান তাঁকে। চোটের কারণে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে খেলতে পারেননি শুভাশিস। রিহ্যাব করে দ্রুত ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন এই বঙ্গসন্তান। এদিকে, রবিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন আলবার্তো রডরিগেজ। টিম ম্যানেজমেন্টের আশা কোয়ার্টার-ফাইনালের আগেই ফিট হয়ে যাবেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

একইসঙ্গে ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব শুরু করেছেন মনবীর সিং। জাতীয় দলের এই ফুটবলার কোয়ার্টার-ফাইনালে খেলতে পারবেন? মনবীরকে নিয়ে তাড়াহুড়োয় নারাজ টিম ম্যানেজমেন্ট। প্রি-সিজন প্রস্তুতির মাঝেই ম্যাচ খেলতে হচ্ছে। তাই বেশ সতর্ক কোচ মোলিনা। 

মোহন বাগানের বিদেশি ফুটবলাররা দলের সঙ্গে বেশিদিন অনুশীলন করেননি। তা সত্ত্বেও ডায়মন্ডের বিরুদ্ধে কামিংস ও ম্যাকলারেনকে মাঠে নামিয়েছিলেন মোলিনা। ঝরঝরে হতে সময় লাগবে। তা সত্ত্বেও জাত চেনাতে সময় নেননি। নিজের ছোট্ট মেয়েকে নকল করে ম্যাকার গোল সেলিব্রেশন ইতিমধ্যেই ভাইরাল। এবার পেত্রাতোসকে ম্যাচ ফিট করাই লক্ষ্য। অজি ফুটবলার উইথড্রন স্ট্রাইকারের ভূমিকাতেও দক্ষ। বড় মঞ্চে গোল করতে পেত্রাতোসের বিকল্প নেই।

আদরের দিমিকে নিয়ে সমর্থকদের আবেগের বিস্ফোরণ ঘটে কলকাতা বিমানবন্দরে। প্রায় মাঝরাতে পেত্রাতোসকে স্বাগত জানাতে অসংখ্য অনুরাগী হাজির ছিলেন। গত মরশুমে সেভাবে ছন্দে ছিলেন না পেত্রাতোস। ম্যানেজেমেন্টের বিশ্বাস, এবার চমকে দেবেন অজি তারকা।