ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত

ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি : প্রতীকি

কক্সবাজার জেলার টেকনাফে ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক খুন হয়েছে। নিহত যুবক নুরুল আলম হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। ঘাতক আব্দুল্লাহ হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার আব্দু শুক্কুরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। সোমবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির পূর্ব পানখালীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

স্থানীয়রা জানান, নিহত নুরুল আলমের ছোট বোন টুম্পার সঙ্গে তার স্বামী আব্দুল্লাহর পারিবারিক কলহ ছিল। এর জেরে টুম্পা কয়েক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে। টুম্পা স্বামীর বাড়ি ফিরে না যাওয়ার পেছনে নিহত নুরুল আলমকে সন্দেহ করেন আব্দুল্লাহ। এই সন্দেহের জের ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহ তার শ্বশুরবাড়িতে গিয়ে নুরুল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তাৎক্ষণিক আহত আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলা পূর্ব পানখালিতে ছুরিকাঘাতে নুরুল আলম নামে এক যুবক নিহত। এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবং জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।