লক্ষ্মীপুরে একাধিক মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার
ছবি : প্রতীকি
লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও জোড়াখুনসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম।
গ্রেপ্তারকৃত কদু আলমগীর (৪২) ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, কদু আলমগীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বশিকপুর ইউনিয়নে নোমান-রাকিব হত্যাসহ অন্তত ২৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৩ সালে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন রাকিব হত্যা, সম্প্রতি দত্তপাড়ায় সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী ভোরে তার বাড়ি ঘিরে ফেলে। পরে নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা রয়েছে। সন্ত্রাসী, মাদক কারবারি বা চাঁদাবাজ— কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।