ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়িয়ে উয়েফার ইসরায়েলবিরোধী বার্তা

ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়িয়ে উয়েফার ইসরায়েলবিরোধী বার্তা

ছবি : সংগৃহীত

উয়েফা সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এদিন ম্যাচ শুরুর আগে ইসরায়েলবিরোধী বার্তা দিয়েছে উয়েফা। টটেনহ্যাম ও পিএসজির খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ালে তাদের সামনে তুলে ধরা হয় বিশাল এক ব্যানার—‘স্টপ কিলিং চিলড্রেন, স্টপ কিলিং সিভিলিয়ানস।’

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

শুধু ব্যানার প্রদর্শনই নয়, পুরস্কার বিতরণী মঞ্চে আনা হয়েছিল ফিলিস্তিনের গাজা থেকে আসা দুই শরণার্থী শিশুকে। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের পাশে দাঁড়িয়ে ছিল তারা— সাদা টি-শার্টে লেখা একই বার্তা।

স্টেডিয়ামে উপস্থিত শিশুদের নামও জানায় উয়েফা—১২ বছরের তালা, যাকে চিকিৎসার জন্য মিলানে নেওয়া হয়েছে এবং গাজার ইসরায়েলি বিমান হামলায় বাবা-মাকে হারানো ৯ বছরের মোহামেদ।

উয়েফার এক্স হ্যান্ডলে ছবিগুলো পোস্ট করে লেখা হয়, ‘বার্তাটা জোরাল ও পরিষ্কার।’ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শুধু ফিলিস্তিন নয়, আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন ও ইউক্রেনসহ যুদ্ধবিধ্বস্ত নানা অঞ্চলের শিশুদের জন্যই এই বার্তা।

গত মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয় গাজার শিশুদের জন্য মানবিক সহায়তার উদ্যোগের কথা। এখানেই তৈরি হয়েছে বিতর্ক। 

উয়েফার নিয়মে বলা আছে, ম্যাচের আগে বা চলাকালে কোনো রাজনৈতিক বার্তা প্রদর্শন করা যাবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ লিখেছে, উয়েফার এই পদক্ষেপকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্কের ঝুঁকি তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইতালির উদিনেতে ব্লুনার্জি স্টেডিয়ামে গতকাল উয়েফা সুপার কাপে টটেনহাম হটস্পারের মুখোমুখি হয়েছিল পিএসজি। ২-২ গোলে নির্ধারিত সময়ে দুই দল সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলের জয়ে জিতেছে ফরাসি ক্লাবটি।