শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বাগদান সম্পন্ন

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বাগদান সম্পন্ন

ছবি : সংগৃহীত

জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে দেখা যায় ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে। বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন এই পেসার।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘরোয়া আয়োজনে এই পর্ব সম্পন্ন হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ অল্প কিছু আত্মীয় এবং বন্ধু।

সানিয়া ঘাই পরিবারের মেয়ে।ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই হলেন শচীনপুত্র।

পরিবারের মতো সানিয়াও ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান সমানতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন সানিয়া। খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনও পছন্দ করেন না। সাধারণ ভাবে থাকতেই ভালবাসেন তিনি। 

এদিকে বাবার মতো ২৫ বছরের অর্জুনও পেশাদার ক্রিকেটার। পেস অলরাউন্ডার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। লিস্ট ‘এ’ (ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট) ম্যাচ খেলেছেন ১৮টি।