ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার
ছবি : প্রতীকি
শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (১৭ আগস্ট) দিনগত রাতে তুরাগ থানার রানাভোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম রোববার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে থানার রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তালেবুর রহমান।