খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেই এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী
সংগৃহীত ছবি
খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করেই দেশে এগ্রিভোল্টাইক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, একই জমিতে কৃষি উৎপাদন অব্যাহত রেখে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে এগ্রিভোল্টাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুধবার রাজধানীর ওয়েস্টিন ঢাকায় ন্যাশনাল এগ্রিভোল্টাইকস ওয়ার্কশপ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এনডিসি ৩ দশমিক ০ এর আওতায় ২০৩৫ সালের মধ্যে ২৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। তাই বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে উৎপাদনশীল কৃষিজমির ক্ষতি না হয়।
তিনি বলেন, এগ্রিভোল্টাইক পদ্ধতিতে একই জমিতে কৃষিকাজ ও সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে ফসল উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয়, পানির দক্ষ ব্যবহার এবং পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।
পরিবেশমন্ত্রী আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে কৃষকের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কার্বন অর্থায়নের ক্ষেত্রে পরিবেশগত অখণ্ডতা, স্বচ্ছতা এবং জাতীয় নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।