যমুনা ফিউচার পার্কে ভাটারা থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ পালিত

যমুনা ফিউচার পার্কে ভাটারা থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ পালিত

সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কের নবাব কনভেনশন হলে অনুষ্ঠিত হলো ভাটারা থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’। অনুষ্ঠানে গুলশান জোনের আওতাধীন মোবাইল ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যমুনা ফিউচার পার্কের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ব্যবসায়ী, ক্রেতা ও পুলিশ প্রশাসনের মধ্যে মতবিনিময় হয়। 

ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশের নিয়মিত টহল কার্যক্রম আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়। পুলিশের পক্ষ থেকেও উপস্থিত ব্যবসায়ী ও প্রতিনিধিদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুলশান বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) আল আমিন হোসেন। সভাপতিত্ব করেন ভাটারা থানার অফিসার ইনচার্জ জনাব রাকিবুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানার ইন্সপেক্টর (তদন্ত ও অপারেশন) জনাব মোস্তাফিজুর রহমান, যমুনা ফিউচার পার্কের জেনারেল ম্যানেজার (সিকিউরিটি) মেজর মো. নিজাম ইবনে সিরাজ (অব.), শপিং মল অপারেশনের জেনারেল ম্যানেজার তারিকুল ইসলাম তমাল এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সিকিউরিটি) মো. সাইদুর রহমান (সাঈদ)।

এছাড়াও উপস্থিত ছিলেন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, সেক্রেটারি  ফয়সাল আজাদ, ট্রাভেল এজেন্সির প্রতিনিধি গোলাম মোহাম্মদ ও তৌহিদ আহমেদসহ অন্যান্য ব্যবসায়ী।