বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা খুলে দেওয়ার দাবি
ছবি : সংগৃহীত
রাজধানীর আশুলিয়ায় জিরাবো এলাকায় অবস্থিত প্লাটিনাম ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন লিমিটেড হঠাৎ করেই উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। গত ২৪ আগস্ট কোনো পূর্বঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ কারখানা হঠাৎ বন্ধ করে দেয়। এর আগে দুই মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া থাকলেও তা পরিশোধ করা হয়নি। হঠাৎ বন্ধের এই ঘোষণায় শত শত শ্রমিক বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি কারখানা দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, কোনো পাওনা পরিশোধ না করে শ্রমিকদের হঠাৎ কর্মহীন করে দেওয়ায় তাদের জীবনে চরম অনিশ্চয়তা নেমে এসেছে।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, শ্রমিকরা বেতন না পাওয়ায় দোকানদার ও বাড়িওয়ালাদের কাছে প্রতিনিয়ত অপমানের শিকার হচ্ছেন। পরিবার নিয়ে তারা দুঃসহ দিন পার করছেন। অথচ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দিয়ে উৎপাদন বন্ধ করা বেআইনি কাজের শামিল।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং কারখানাটি পুনরায় চালুর ব্যবস্থা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভে বিপুল সংখ্যক পোশাক শ্রমিক অংশ নেন। কারখানা বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিকরা দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।