চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ফাইল ছবি
চানখারপুলে সংঘটিত ছয় ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ (বুধবার) পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পলাতক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার শুনানি চলছে। আদালতের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে।
এর আগে, ২১ আগস্ট ছিল চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ। সেদিন শহীদ রাকিব হোসেন হাওলাদারের বাবা মো. জাহাঙ্গীর হোসেন এবং তার বড় ভাই রাহাত হাওলাদার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তারা সরাসরি বিচার চেয়ে বলেন, আমাদের ভাইকে যারা মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এরও আগে, ১৩ আগস্ট শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার, প্রতিবেশী চাচা শহীদ আহমেদ এবং শহীদ ইসমামুল হকের ভাই মহিবুল হক তাদের সাক্ষ্য দেন। দ্বিতীয় দিনের (১২ আগস্ট) সাক্ষ্য দেন শহীদ শেখ মাহদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান এবং কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন।
মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ হয় ১১ আগস্ট। সেদিন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ তার জবানবন্দি দেন। এই পর্যন্ত মোট আটজন সাক্ষী তাদের বক্তব্য দিয়েছেন।
এ মামলায় অভিযুক্ত আটজনের মধ্যে চারজন পলাতক। তারা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মো. ইমরুল।
চলতি বছরের ১৪ জুলাই ট্রাইব্যুনাল এই মামলার অভিযুক্ত আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেয়।
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় ‘জুলাই-আগস্ট ছাত্র আন্দোলন’-এর অংশ হিসেবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। দুপুর নাগাদ পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়।
পুলিশি গুলিতে ঘটনাস্থলে ও পরে হাসপাতালে মারা যান ছয়জন। তারা হলেন, শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।
ঘটনাটি দেশজুড়ে গভীর আলোড়ন তোলে। আন্দোলনকারীরা ওইদিন কোনো সহিংসতা করেননি বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গুলিবিদ্ধ তরুণদের রক্তাক্ত ছবি ও ভিডিও।