প্রশ্নফাঁস চক্রের মূল হোতা মতিউর রহমান গ্রেপ্তার

প্রশ্নফাঁস চক্রের মূল হোতা মতিউর রহমান গ্রেপ্তার

প্রশ্নফাঁস চক্রের মূল হোতা মতিউর রহমান গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) থানা সহকারী শিক্ষা অফিসার পদে পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূল হোতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করতেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম। 

তিনি জানান, অভিযুক্তরা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। এর সব স্টেটমেন্ট এবং তথ্য উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় পিএসসির মতো একটি স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও জানান, টাকা দেওয়া ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্র ধরে উক্ত পেজের অ্যাডমিনকে শনাক্ত করে তার নম্বর তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব তথ্য-উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে সুনিশ্চিত হওয়া যায় যে, এ আসামিই এ কাজে জড়িত।

জাহিদুল ইসলাম জানান, পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং অচিরেই তাদেরও গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।