নারায়ণগঞ্জে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

নারায়ণগঞ্জে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার কুতুবপুর পাগলা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যমানের দুই হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস রিলিজের মাধ্যমে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ বিষয়টি জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় পাঁচ কোটি ১৩ লাখ টাকা মূল্যের দুই হাজার ২৮২ পিস ভারতীয় শাড়িসহ ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।