বুড়িচংয়ে অভিনব কৌশলে নারী গ্রাহকের কিস্তির টাকা নিয়ে গেল প্রতারক চক্র
সংগ্রহীত ছবি
কুমিল্লার বুড়িচং সদরের সোনালী ব্যাংকের ভেতরে নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ঋণের কিস্তির নগদ ১ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী মোসা. সামসুন নাহার (৪৫) বুড়িচং থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেছেন।
সামসুন নাহার উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মৌলভি বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সামসুন নাহারের এক ছেলে ও দুই ভাই সৌদি আরবে কর্মরত আছেন। তারা বাংলাদেশ থাকা অবস্থায় ১৫ লাখ টাকা ঋণ ছিল। বিদেশ থেকে পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে চেক নিয়ে বুধবার সকালে বুড়িচং সোনালী ব্যাংকে উত্তোলন করতে যায়।
তখন ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করে গণনা করার সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে সামসুন নাহারের পাশে এসে টাকা গণনা করে। তখনই ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) ওই নারী গ্রাহকের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় প্রতারক চক্র। কিস্তির নিয়ে যাওয়ায় ওই নারী গ্রাহক এখন দিশেহারা।
এ বিষয়ে বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ব্যাংকের এক নারী গ্রাহকের টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র। ব্যাংকের সিটিভি ফুটেজে দেখেছি ৪-৫ জন একটি প্রতারক চক্রের হাতে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন এই নারী গ্রাহক। কিছুদিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে পুরুষ গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, ‘অভিযোগ পেয়ে ব্যাংকে গিয়েছে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’