জাজিরায় পুলিশের অভিযান, গাঁজাসহ মাদক কারবারি আটক
সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডুবিসায়বর কাজিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম মো. চান মিয়া (৪০)। তিনি মৃত ইসমাইলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকের কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম। এ সময় উপ-পরিদর্শক মালমগীর ও রামকৃষ্ণ দাসও অংশ নেন। চান মিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া ৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চান মিয়ার বিরুদ্ধে আগেও মাদক বেচাকেনার অভিযোগ ছিল। তবে বহুদিন ধরেই তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় সক্রিয় ছিলেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।