রাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধ্যনগরের শাকিল
সংগ্রহীত ছবি
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের শিক্ষার্থী শাকিল আহমেদ।
শাকিল ২০১৯–২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষকতার সঙ্গে যুক্ত।
অনলাইন প্ল্যাটফর্ম ও কোচিংয়ে পাঠদানের কারণে ক্যাম্পাসে তার রয়েছে আলাদা পরিচিতি। শিক্ষার্থী ও সহপাঠীদের অনুপ্রেরণাতেই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি। রাজনৈতিক কোনো দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেন শাকিল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাকিল বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।
রাকসুকে একটি গণতান্ত্রিক ও সক্রিয় মঞ্চে রূপ দিতে শিক্ষার্থীদের সহযোগিতা অপরিহার্য। দক্ষ জনবল তৈরিতে সফট স্কিল প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।’
প্রচারণার শুরুতেই সহপাঠী ও হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন, গণপরিবহন সংকট নিরসন, আবাসন সুবিধা বৃদ্ধি এবং টিউশন ও বিভিন্ন ফি কমানোসহ শিক্ষার্থীবান্ধব নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন শাকিল।
আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাকিলের অংশগ্রহণ মধ্যনগরসহ সুনামগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকেই তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।