মহানবী (সা.) জীবন-আদর্শের আলোকবর্তিকা

মহানবী (সা.) জীবন-আদর্শের আলোকবর্তিকা

প্রতিকী ছবি

মানুষের জীবনে আদর্শ অপরিহার্য। আদর্শহীন জীবন হলো দিশাহীন মরুভূমির পথিকের মতো, যেখানে কোনো গন্তব্য নেই, নেই প্রশান্তির আশ্রয়। মুমিনের জীবনও এমন নয় যে সে ইচ্ছেমতো চলবে। বরং একজন প্রকৃত মুমিনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইবাদত, তাঁর সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী (সা.)-এর আদর্শ আঁকড়ে ধরার মাধ্যমে অর্থবহ হয়ে ওঠে। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন—‘নিশ্চয়ই রাসুলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব : ৩৩/২১)

অতএব, মুমিনের জীবনযাত্রা যদি নবী (সা.)-এর আদর্শে সাজানো না হয়, তবে তার ঈমান পূর্ণ হয় না, তার দিনরাত আলোর পথে রূপান্তরিত হয় না। 

মহানবী মুহাম্মদ (সা.) শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না; বরং তিনি ছিলেন সর্বকালের জন্য মানবতার শিক্ষক। তাঁর প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি কথা মুমিনের জন্য শিক্ষণীয়। তিনি ছিলেন সত্যবাদিতা, বিশ্বস্ততা, দয়া, ন্যায়পরায়ণতা ও আত্মসমর্পণের প্রতীক। সাহাবিরা তাঁকে দেখেই ঈমান গ্রহণ করত, কারণ তাঁর চরিত্র ছিল কোরআনের জীবন্ত ব্যাখ্যা।

আয়েশা (রা.)-কে যখন জিজ্ঞেস করা হয়েছিল নবী (সা.)-এর চরিত্র কেমন ছিল, তিনি বলেছিলেন— ‘তাঁর চরিত্র ছিল কোরআন।’ (মুসলিম)
অতএব, মুমিন জীবনে নববি আদর্শ মানে হলো কোরআনের শিক্ষা জীবনযাত্রায় বাস্তবায়ন করা।
ইবাদতে নববী আদর্শ

মুমিনের প্রথম দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। মহানবী (সা.) তাঁর জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন নামাজকে। তিনি বলতেন—‘আমার চোখের শীতলতা হলো নামাজ।’ (নাসায়ি)

তিনি ফজর থেকে ইশা পর্যন্ত নামাজকে যথাসময়ে আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর সঙ্গে একান্তে কান্নাকাটি করতেন। মুমিনকেও ইবাদতের এই সৌন্দর্য জীবনে আনতে হবে।

আখলাকে নববী আদর্শ
কোরআনে আল্লাহ নবী (সা.)-কে বলেছেন— ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা কলম : ৬৮/৪)
তিনি কখনো কাউকে কটু কথা বলতেন না, কখনো শত্রুর প্রতি প্রতিশোধপরায়ণ হতেন না। তায়েফের মানুষ তাঁকে পাথর ছুঁড়ে আহত করলে তিনি বলেছিলেন—‘হে আল্লাহ! ওরা জানে না, আমাকে মাফ করে দাও।’ মুমিনের আখলাকও হবে সহনশীল, দয়ালু ও সত্যবাদী।

দাওয়াতে নববী আদর্শ
রাসুল (সা.)-এর জীবনের বড় অংশজুড়ে ছিল দাওয়াত। তিনি ঘরে, মসজিদে, রাস্তায়, যুদ্ধক্ষেত্রে—সব জায়গায় মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেছেন। কষ্ট, নির্যাতন, উপহাস—কিছুই তাঁকে থামাতে পারেনি। মুমিনের জীবনেও দাওয়াতের অংশ থাকা জরুরি।

পারিবারিক জীবনে নববী আদর্শ
নবী (সা.) ছিলেন স্নেহশীল স্বামী ও আদর্শ পিতা। তিনি স্ত্রীর কাজে সাহায্য করতেন, সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। তিনি বলেছেন—‘তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবারের জন্য উত্তম।’ মুমিন তার পারিবারিক জীবনকে নবিজির এ আদর্শে গড়ে তুলবে।

সমাজসেবায় নববী আদর্শ
রাসুল (সা.) কখনো সমাজের সমস্যার বাইরে ছিলেন না। তিনি গরিবদের সাহায্য করতেন, প্রতিবেশীর হক আদায় করতেন, অনাথদের প্রতি দয়া দেখাতেন। তিনি বলেছেন—‘যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেবে, কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে।’ (বুখারি)
মুমিনও সমাজে দান, সহায়তা ও ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে।

সহনশীলতা ও ধৈর্যে নববী আদর্শ
রাসুল সা. জীবনে অগণিত কষ্ট সহ্য করেছেন। শত্রুরা তাঁকে জাদুকর, মিথ্যাবাদী বলেছে; তাঁর সাহাবিদের হত্যা করেছে; তিনি ক্ষুধার কষ্ট সহ্য করেছেন। তবুও তিনি ধৈর্য হারাননি। কোরআনে আল্লাহ বলেন—‘তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় সংকল্পের রাসুলগণ।’ (সুরা আহকাফ : ৪৬/৩৫) মুমিনকেও জীবনের প্রতিটি বিপদে ধৈর্য ধরতে হবে।

দুনিয়া ও আখিরাতে সফলতার পথ
নবী (সা.)-এর আদর্শ কেবল আধ্যাত্মিক নয়; বরং পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি—সবক্ষেত্রে নবিজির শিক্ষা আছে। মুমিন যদি তা ধারণ করে, তবে সে দুনিয়ায় শান্তি পাবে এবং আখিরাতে মুক্তি লাভ করবে।

আজকের বাস্তবতা
আজ আমরা নবিজির নাম নিই, তাঁর ওপর দরুদ পাঠ করি, কিন্তু তাঁর আদর্শ থেকে দূরে সরে গেছি। নামাজে অলসতা, লেনদেনে প্রতারণা, জীবনে অন্যায়—এসব আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। অথচ প্রকৃত ভালোবাসা হলো তাঁর আদর্শে জীবন গড়া।
ঈমানের দাবি

মুমিন জীবনে নববী আদর্শ মানেই আল্লাহর আদেশ মানা, রাসুল (সা.)-এর সুন্নাহ আঁকড়ে ধরা, ন্যায় প্রতিষ্ঠা করা, দুনিয়া ও আখিরাতে সফলতার পথে চলা। কোরআনে আল্লাহ তাআলা বলেন—‘যে রাসুলকে মান্য করে, সে আল্লাহকেই মান্য করল।’ (সুরা নিসা : ৪/৮০)
অতএব, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবিজির আদর্শকে ধারণ করাই ঈমানের দাবি। এই আদর্শেই নিহিত রয়েছে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি।

লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর।