যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

প্রতিকি ছবি

মাগুরার মহম্মদপুরে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান।

নিহত ইসরাফিল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

জানা যায়, জাঙ্গালিয়া গ্রামে ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এর জেরে সকাল সাড়ে ৬টার দিকে এলাকাবাসী ইসরাফিলকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, কয়েক দিন আগে পূর্ব নারায়ণপুর গ্রামের এক যুবকের মোবাইল চুরি হওয়ার পর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে আসছিল স্থানীয়রা। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, একরামুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি মোবাইল ও টাকা চুরির ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে গ্রামবাসী গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ইসরাফিলের নামে কোনো মামলা নেই, তবে অতীতে মামলা ছিল। সব দিক বিবেচনা করে তদন্ত চলছে।