দ্বিতীয় দিনের মতো বাগেরহাটে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি
সংগৃহীত ছবি
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক ও ৯ উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিলও করছেন আন্দোলনকারীরা। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নিতে দেখা যায় নানা শ্রেণি-পেশার মানুষকে। কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনে অংশগ্রহণকারীরা।
আন্দোলনকারীদের নেতারা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় ৪টি আসন পুনর্বহালের দাবি জানান তারা।
বিকেল ৩টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
অপরদিকে এ বিষয়ে মঙ্গলবার রিটের শুনানিতে আসন কেন বহাল থাকবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনকে ১০ দিনের রুল জারি করেছেন উচ্চ আদালত।