দিনাজপুরে সাপের কামড়ে ৩ গৃহবধূর মৃত্যু
প্রতিকি ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক এলাকায় সাপের কামড়ে ৩ গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রর স্ত্রী কনিকা রানী (৪৫) ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) সাপের কামড়ে মারা যান। এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানীর (৪৫) সাপের কামড়ে মৃত্যু হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে উপজেলার রাজারামপুর গোয়ালপাড়ায় কনিকা রানীকে রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। গুরুতর অবস্থায় কনিকা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।
এ দিকে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সকালে মাটির চুলা থেকে ছাই তুলছিলেন বুলবুলি বেগম। এ সময় সাপে তাকে কামড় দেয়। আহত অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথেই তিনিও মৃত্যুবরণ করেন।
অপরদিকে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী নামে ওই গৃহবধূ মাটির ঘরের মঝেতে খাল দেখতে পান। এ সময় তিনি পা দিয়ে খালের মুখ বন্ধের চেষ্টা করলে ভিতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহূর্তেই ছটফট করতে করতে মৃত্যুবরণ করেন তিনি।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কি সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী শরীরে এন্টিভেনম প্রয়োগ করা হয়।
তিনি আরও বলেন, সাপে কাটা রোগীদের অবস্থা খুব বেশি খারাপ ছিল এবং একজনের সাপে কাটার সিমটম পর্যন্ত পাওয়া যায়নি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হয়।