লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

ফাইল ছবি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি আলী আকবর। নিহত সুরত আলী (৪৯) ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে সুরত আলী তার ইজিবাইক চার্জ দিচ্ছিলেন।

কিন্তু চার্জারের সুইচ বন্ধ না করেই ইজিবাইক খুলতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই সুরত আলীর মৃত্যু হয়েছে।

ওসি আলী আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।