প্রতিটি মানুষের কাছে উন্নত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে হবে: মন্ত্রী

প্রতিটি মানুষের কাছে উন্নত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে হবে: মন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও মানসম্মত মোবাইল ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইল অপারেটর রবির প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে ‘ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘শুধু বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হবে। টাওয়ার শেয়ারিংয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ জনবান্ধব উদ্যোগ নিয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল যেন সরাসরি সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে।’

ঢাকা মডার্নাইজেশন প্রকল্পের মাধ্যমে সেবার মানোন্নয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সারাদেশের গ্রাহকরাও একই ধরনের উন্নত সেবা পাবেন।

গ্রাহকদের বিভিন্ন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কল ড্রপ, প্যাকেজের মেয়াদ শেষ হওয়া, ডাটা ও ব্যালান্স সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে মোবাইল অপারেটরদের আরও কার্যকর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের প্যাকেজের শর্ত, মেয়াদ এবং তাদের অধিকার সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে।’

বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও উৎসাহিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ’

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে টেলিকম খাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।