সেরা খলনায়কের পুরস্কার পেলেন শিমুল খান
ছবি: সংগৃহীত
c
গত ২০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দেশের টেলিভিশন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন 'টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)' এর আয়োজনে ২৫ তম আসর 'ট্র্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড ২০২৫। এতে সংস্কৃতি, বিনোদন, এবং মিডিয়া সেক্টরের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য বিভিন্ন জনকে পুরস্কার প্রদান করা হয়। সেখানে সেরা খল অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে তাকে।
অভিনয় বিভাগে নাটকের শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী হিসেবে মোশাররফ করিম ও তানহা তাসনিয়ার পাশাপাশি, মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমায় অভিনয়ের জন্য শিমুল খানকে সেরা ভিলেন হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
শিমুল খান বলেন, দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে রাস্তায় রাস্তায়, অলিতেগলিতে খাবারের দোকানের মতোই প্রতি মাসে, এমনকি প্রতিদিনই একাধিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কিন্তু সেগুলোর বেশিরভাগই ব্যক্তিগতভাবে আমার বিবেচনায় অসার, ভিত্তিহীন, এবং মানহীন। আমি সবসময়ই চেয়েছি সম্মানজনক, ভিত্তিপূর্ণ, মানসম্পন্ন পুরস্কার গ্রহণ করে নিজের অভিনয় ক্যারিয়ারকে বিশেষভাবে অনুপ্রেরণার রসদ জোগাতে। তাই এতদিন বহু পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকা সত্ত্বেও সেসব থেকে নিজেকে দূরে রেখেছি সম্পুর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে। কিন্তু দেশের প্রথিতযশা সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত হওয়া 'ট্র্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড'কে সবসময় আমার কাছে খুবই মর্যাদাপূর্ণ পুরস্কার বলে মনে হয়। তাই চলতি আসরে বেস্ট ভিলেন হিসেবে মনোনীত হবার পর থেকেই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালবাসা টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কে।
চলতি মাসের ২৬ তারিখে দূর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে শিমুল খান অভিনীত আরও একটি সিনেমা 'স্বপ্নে দেখা রাজকন্যা'। এছাড়া সেন্সর ছাড়পত্র পেরিয়ে মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফীর অমিমাংসিত, প্রিন্স এ আর এর ঈব্রাহিম, সায়েম জাফর ইমামীর রোমিও রংবাজ, বাপ্পি খানের সোলমেট, এবং নবাগত মেধাবী নির্মাতা জাহিদ জুয়েল এর আলোচিত সিনেমা পিনিক।
সবশেষে শিমুল খান জানান, শিগগিরই তিনি অভিনয়ের পাশাপাশি নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ এবং সেলিব্রেটি শো এর উপস্থাপনায় সরব হতে যাচ্ছেন।