বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহতের অভিযোগ
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহ ও সম্পত্তি বিরোধের জেরে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই আবু তাহের মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড়ভাই বজলু মিয়াকে (৭৫) আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মিয়া আকসিনা গ্রামের পশ্চিমপাড়ার মৃত রোসমত আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি ও বাড়ির একটি জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।
এ সময় বজলু মিয়া তার ছোট ভাই আবু তাহের মিয়ার বাম কানের ওপর ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। ঘুষির পর আবু তাহের মিয়া অচেতন হয়ে পড়েন। পরে তার স্ত্রী ও ছেলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে নিহতের বড়ভাই বজলু মিয়াকে আটক করা হয়।
নিহতের স্ত্রী শাহানা বেগম অভিযোগ করে বলেন, পৈতৃক সম্পত্তি ও বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে তারা দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে উত্তেজিত হয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বজলু মিয়া তার স্বামীকে ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।