বেকারত্বের সংখ্যা বেড়েছে বাংলাদেশে : সচিব মাহবুব-উল-আলম

বেকারত্বের সংখ্যা বেড়েছে বাংলাদেশে : সচিব মাহবুব-উল-আলম

সংগ্রহীত ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেছেন, ‘বাংলাদেশে আগে বেকারত্বের হার ছিল ২০ শতাংশ, এখন তা দাঁড়িয়েছে ২৮ শতাংশে। এ থেকে বোঝা যায় বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ১৬ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দুই মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেন, ‘বাংলাদেশে বেকারত্বের অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরণের দুর্নীতি, ব্যাংকের ঋণ ঘাটতি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকরত্ব দুরীকরণে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। সারা বাংলাদেশে ৭১ টি ট্রেনিং সেন্টার রয়েছে। এগুলোতে বেকার যুবকদের ট্রেনিং দেওয়া হয় যেন তারা ট্রেনিং নিয়ে নিজের পায়ে দাড়িয়ে কিছু করতে পারে।

তিনি আরো বলেন, ‘বেকার যুবকদের আত্মনির্ভর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হাতে নিয়েছে।’

এ সময় আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড (১) ড.গাজী সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনু বিভাগের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক (প্রশাসন) এম এ আখের, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কৃষিবিদ সেলিম খাঁনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।