হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) মানদন্ডের সাথে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মডুলার কারিকুলাম ও সিলেবাসের সমন্বয় শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এই কর্মশালার সমাপনী অধিবেশন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর সদস্য অধ্যাপক ড. এএসএম গোলাম হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় দক্ষতা, যোগ্যতা এবং শিক্ষণফলভিত্তিক শিক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালাটির পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিএনকিউএফ-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সমন্বয় শিক্ষার গুণগত মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন অর্জন এবং বৈশ্বিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে। তিনি শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন এবং কর্মশালার রিসোর্স পারসন, অতিথিবৃন্দ, আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে অনুষদভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)-এর আলোকে বিদ্যমান একাডেমিক প্রোগ্রাম, মডুলার কারিকুলাম ও সিলেবাসের সামঞ্জস্য বিধান, শিক্ষণফলভিত্তিক পাঠ্যক্রম উন্নয়ন, কারিকুলাম ম্যাপিং এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রিসোর্স পার্সন এবং শিক্ষকবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে গুণগত ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।