ব্যবসা-বাণিজ্য সহজ ও নিয়ন্ত্রণমুক্ত করতে বাজেটে বড় সংস্কার আনা হয়েছে

ব্যবসা-বাণিজ্য সহজ ও নিয়ন্ত্রণমুক্ত করতে বাজেটে বড় সংস্কার আনা হয়েছে

ফাইল ফটো

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ ও নিয়ন্ত্রণমুক্ত করতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রোববার (১৪ জুন) বিকেলে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘অর্থবিল ২০২৬-২৭-এর বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে রপ্তানিমুখী ব্যবসায়ীদের একটি বড় দাবি ছিল বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা সম্প্রসারণ। এতদিন যাদের নিজস্ব বন্ডেড ওয়্যারহাউজ ছিল না, তারা বন্ড সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল সংগ্রহে নানা জটিলতার মুখোমুখি হতেন। নতুন বাজেটে এ সীমাবদ্ধতা দূর করা হয়েছে। 

তিনি বলেন, পোশাক খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বলছিলেন। আমি রপ্তানি করি, আমার বন্ডেড ওয়্যারহাউজ আছে; কিন্তু আরেকজন রপ্তানি করেও বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা পায় না। সে কোথা থেকে মাল কিনবে? এবার আমরা বলেছি, তারাও বন্ড সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল কিনতে পারবে।

এ সিদ্ধান্তের ফলে দেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ব্যাপকভাবে উপকৃত হবে এবং স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়বে বলেও  এনবিআর চেয়ারম্যান মনে করেন।

আবদুর রহমান খান জানান, আগে কন্টিনিউয়াস বন্ড সুবিধা সীমিত ছিল এবং অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল আমদানি করতে হলে কমিশনারেটের অনুমোদন নিতে হতো। এবার সেই সুবিধা আন্তঃকমিশনারেট পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে।

তিনি বলেন, আগে মাত্র কয়েকটি খাত বন্ড সুবিধা পেত। এখন যে কোনো খাতের উদ্যোক্তা আবেদন করলে বন্ড লাইসেন্স পাওয়ার সুযোগ থাকবে। যেসব ব্যবসায়ী বন্ড লাইসেন্স নিতে চান না, কিন্তু ডিউটি-ফ্রি আমদানি করতে আগ্রহী, তাদের জন্যও নতুন সুযোগ রাখা হয়েছে।

অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সুবিধা নিয়েও সংস্কারের কথা তুলে ধরেন আবদুর রহমান খান বলেন, এই লাইসেন্সের আওতায় ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাসের সুবিধা পান এবং তাদের পণ্য বন্দরে নিয়মিত শারীরিক পরীক্ষা ছাড়াই ছাড় করা সম্ভব হয়। কিন্তু অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতার কারণে অনেক প্রতিষ্ঠান আবেদন করছিল না।

তিনি বলেন, আমরা দেখেছি অডিট রিপোর্ট করদাতার হাতে থাকে না। তাই এইও সুবিধা পাওয়ার ক্ষেত্রে অডিট রিপোর্টের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে, যাতে আরও বেশি ব্যবসায়ী এ সুবিধা নিতে পারেন।

এনবিআর চেয়ারম্যানের ভাষ্য, বন্ড ব্যবস্থাপনা ও বাণিজ্য সুবিধা সম্প্রসারণে একগুচ্ছ সংস্কার আনা হয়েছে, যা বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রমকে আরও সহজ করবে।

ইআরএফ সভাপতি দৌলত আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। অনুষ্ঠানে এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক) বদরউদ্দিন মুন্সী, কাস্টমস নীতির প্রথম সচিব তারেক হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।