ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে যা করতে হবে পাকিস্তানকে
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের কাছে হেরে গেলেও এখনও ফাইনালে খেলার সুযোগ রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সুপার ফোরে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে। সেখানে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে, আর ভারত সহজ জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে।
এই পরাজয়ের ফলে পাকিস্তান এখন পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও ফাইনালে উঠার সমীকরণ এখনও তাদের সামনে খোলা আছে।
পাকিস্তানকে ফাইনালে যেতে হলে তাদের পরবর্তী দুটি ম্যাচ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে।
আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচে জয় পেলে পাকিস্তানের পয়েন্ট হবে ৪।
অন্যদিকে, তার আগে ভারত যদি বাংলাদেশকে হারায়, তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি কার্যত সেমিফাইনালে রূপ নেবে। সেই ম্যাচে যে দল জিতবে, সেই দলই যাবে ফাইনালে।
যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয়, তবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান তিন দলেরই পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে নির্ধারণ হবে নেট রানরেট দেখে।