ফাঁস হল এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম
ছবি: সংগৃহীত
২০২৫ সালের ব্যালন ডি’অর জিততে চলেছেন কে তা নিয়ে আগ্রহ-উদ্দীপনার কমতি নেই। ভক্ত-সমর্থকদের মাঝে এ নিয়ে আছে জল্পনা-কল্পনা। আজ রাতেই জানা যাবে কে জিতবেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এ পুরস্কার। তবে ঘোষণার কয়েক ঘন্টা আগেই এক কথিত ফলাফলের ছবি ফাঁস হয়ে গেছে সামাজিক মাধ্যমে। তবে সমর্থকেরা সেখানে চোখে পড়ার মতো কয়েকটি স্পষ্ট ভুলও ধরে ফেলেছেন।
অফিশিয়ালি বিজয়ীর নাম ঘোষণা হবে সোমবার রাতে প্যারিসে। এবারের আসরে বড় ফেভারিট দুই নাম- উসমান ডেম্বেলে আর লামিন ইয়ামাল। গত মৌসুমে ৩৫ গোল আর ১৬ অ্যাসিস্টের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের মৌসুমের সেরা খেলোয়াড়ের মতো ব্যক্তিগত পুরস্কারও জিতেছেন ডেম্বেলে। সেজন্যই অনেকে তাঁকেই এগিয়ে রাখছেন। অন্যদিকে, বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা জেতা ইয়ামাল করেছেন ২১ গোল আর ২৬ অ্যাসিস্ট।
তবে কে বিজয়ী হবেন তা এখনো অজানা। ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া ছাড়া আর কেউ জানেন না ফলাফল। এমনকি মালিক প্রতিষ্ঠান লে’কিপ এর সঙ্গেও তিনি তা ভাগ করেন না। গার্সিয়া বলেন, “শেষ মুহূর্ত পর্যন্ত আমি এ গোপনীয়তা রাখব, কাউকে বলব না।” ফ্রান্সের লে প্যারিসিয়ান জানিয়েছে, সোমবার প্যারিসের থিয়াত্র দ্য শাতলে অনুষ্ঠানে সবাই সরাসরি ফলাফল জানতে পারবেন। সেখানেই কিংবদন্তি রোনালদিনিয়ো বিজয়ীর হাতে ট্রফি তুলে দেবেন।
তবু সামাজিক মাধ্যমে ফাঁস ঠেকানো যায়নি। আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গিরাল্ট এক কথিত তালিকা পোস্ট করেন, যেখানে দাবি করা হয়, জয়ী হবেন ইয়ামাল, দ্বিতীয় ডেম্বেলে আর তৃতীয় ভিটিনিয়া। গিরাল্টের এক মিলিয়নের বেশি অনুসারী থাকায় পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। তবে ভক্তরা দ্রুতই বানান ভুল ধরেন, কিলিয়ান এমবাপ্পের নাম ভুল লেখা ছিল, আর ইন্টার মিলানের অফিসিয়াল নাম ইন্টারনাজিওনালে-তেও ছিল ভুল।
এদিকে, এবারের ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছেন পিএসজির গত মৌসুমের নয়জন খেলোয়াড়। তাঁদের মধ্যে আছেন ডেম্বেলে, ডেসাইরে দুয়ে, আশরাফ হাকিমি, খভিচা কভরাত্সখেলিয়া, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ, ভিটিনিয়া আর ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়া গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। কিন্তু তাঁদের অনেকেই সম্ভবত গালায় উপস্থিত হতে পারবেন না। কারণ অনুষ্ঠানটির দিনই পড়েছে লে ক্লাসিকো- পিএসজি বনাম মার্সেই ম্যাচ।
ঝড়ের কারণে ম্যাচটি রবিবার থেকে সরিয়ে সোমবার করা হয়েছে। অর্থাৎ ব্যালন ডি’অরের সঙ্গে সময় মিলে গেছে। ফলে মাঠে নামতে যাওয়া খেলোয়াড়রা অনুষ্ঠান এড়িয়ে চলবেন বলে ধারণা। তবে চোটে থাকা ডেম্বেলে, দুএ আর নেভেসকে অনুষ্ঠানে দেখা যেতে পারে। মার্সেই এক বিবৃতিতে জানিয়েছে, “বুশ-দ্য-রোন প্রিফেকচার নিরাপত্তাজনিত কারণে ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। লিগের নিয়ম অনুযায়ী ম্যাচটি সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে ওরেঞ্জ ভেলোড্রোমে। আগের টিকিটগুলো বৈধ থাকবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা দুঃখিত যে আজ ম্যাচ আয়োজনের মতো পরিবেশ ছিল না। খেলোয়াড়, সমর্থক আর আয়োজনে আসা সবার জন্যই বিষয়টি হতাশাজনক।”