ইবিতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক আলোচনা
সংগ্রহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে আলোচনাসভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের ইবি শাখা। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন শুভসংঘ ইবি শাখার সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবির হেসেন এবং সংগঠনটির সদস্য মানিক হোসেন, মেহেদী হাসান, রুনা লাইলা ও আরিফ বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মূল আলোচনা উপস্থাপন করেন সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন।
তিনি বলেন, বর্তমানে সাইবার ক্রাইম ও সাইবার বুলিং উদ্বেগজনক হারে বাড়ছে। স্প্যাম লিংক ও হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরি হচ্ছে। অথচ অনেকেই এসবের প্রতিকার ও আইনি সহায়তা সম্পর্কে জানেন না।
তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, সাইবার বুলিং প্রতিরোধ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে সাইবার অপরাধ সম্পর্কে প্রাথমিক ধারণা ও এর আইনি প্রতিকার সম্পর্কে জানতে পেরেছি। ভবিষ্যতে বৃহৎ পরিসরে আয়োজন হলে আরো বেশি শিক্ষার্থী উপকৃত হবে।
শুভসংঘের ইবি শাখার সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন।
‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষতেও এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।