গোসলের সঠিক সময় কখন? জানুন কী বলছে বিজ্ঞান

গোসলের সঠিক সময় কখন? জানুন কী বলছে বিজ্ঞান

সংগ্রহীত ছবি

সকালে গোসল করবেন, নাকি রাতে? বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই মতবিরোধ রয়েছে। কেউ বলেন, সকালে গোসল করলে দিনটা সতেজভাবে শুরু করা যায়, আবার কেউ বিশ্বাস করেন, রাতে গোসল করলে সারা দিনের ধুলো-ময়লা দূর হয়ে যায় এবং ঘুম ভালো হয়। তবে স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে কোনটা বেশি উপকারী? চলুন, জেনে নিই।

বিশেষজ্ঞরা বলছেন, গোসল করলে শরীর থেকে ঘাম, তেল, ময়লা ও ব্যাকটেরিয়া দূর হয়।

রাতে গোসল না করলে এগুলো বিছানার চাদর ও বালিশে জমে যেতে পারে। এমনকি আমাদের ত্বকের প্রতিটি সেন্টিমিটার জায়গায় ১০,০০০ থেকে ১০ লাখ ব্যাকটেরিয়া বাস করে, যারা ঘামের উপাদান থেকে খাবার খায় এবং গন্ধ সৃষ্টি করে। তবে রাতে গোসল করলেও, ঘুমের মধ্যে শরীর ঘামে এবং ত্বক থেকে মৃত কোষ ঝরে পড়ে, যা ধুলার মাইট ও জীবাণুর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। গবেষকরা বলছেন, পরিষ্কার চাদরে না ঘুমালে এসব ব্যাকটেরিয়া ও অ্যালার্জেন ত্বক ও শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

ব্রিটিশ গবেষক ড. হলি উইলকিনসনের মতে, সন্ধ্যায় গোসলের চেয়ে বিছানার চাদর পরিষ্কার রাখা আরো গুরুত্বপূর্ণ। কারণ পরিষ্কার চাদর না হলে সেখানে ব্যাকটেরিয়া, ময়লা ও ছত্রাক জমা হতে পারে। তবে রাতে গোসলেরও কিছু উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, ঘুমানোর ১-২ ঘণ্টা আগে গরম পানিতে গোসল করলে ঘুমের মান ভালো হতে পারে।

এতে শরীরের তাপমাত্রা সাময়িকভাবে বাড়ে, পরে ঠাণ্ডা হলে শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে, লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট প্রিমরোজ ফ্রিস্টোন মনে করেন, সকালে গোসল করাই ভালো। কারণ এতে রাতে ঘুমের সময় জমে থাকা ঘাম ও জীবাণু দূর হয়ে যায়, আর দিন শুরু হয় সতেজভাবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আপনি দিনে একবার গোসল করলে সেটা সকাল হোক বা সন্ধ্যা, স্বাস্থ্যগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। সবচেয়ে জরুরি হলো শরীরের গুরুত্বপূর্ণ অংশ নিয়মিত পরিষ্কার রাখা এবং বিছানার চাদর নিয়মিত ধোয়া।