মাদারীপুরে শিবচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

মাদারীপুরে শিবচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

সংগ্রহীত ছবি

মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উদ্যোগে শারীরিকভাবে অসুস্থ ও অসহায় এক শিশুকে নগদ অর্থ ও হুইলচেয়ার উপহার দিয়েছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর এলাকার বাসিন্দা মো. এনায়েত মোল্লার ছেলে ১০ বছর বয়সী শারীরিকভাবে অসুস্থ কাউসারকে এ হুইলচেয়ার প্রদান করা হয়।

জানা যায়, জন্মের তিন মাস পর শারীরিক অসুস্থ হয়ে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি পা হারায় দশ বছর বয়সী কাউসার। এর পর থেকে কিডনি, লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছে শিশুটি।

বর্তমানে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ায় স্বাভাবিক চলাফেরাও করতে পারছে না। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ফলে অকালেই মৃত্যুঝুঁকিতে পড়েছে এই অসহায় শিশু। এমন সংবাদে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর পক্ষে তার ছোট ভাই সাদাত হোসেন সিদ্দিকী নাছরু মিয়া নগদ অর্থ ও হুইলচেয়ার উপহার দেন।

হুইলচেয়ার পেয়ে খুশি শারীরিক অসুস্থ মো. কাউসার ও তার পরিবার। তারা বলেন, লাভলু ভাই ও বসুন্ধরা শুভসংঘের কাছে আমরা কৃতজ্ঞ।

শারীরিক অসুস্থ কাউসারের বাবা কান্নাজড়িত কণ্ঠে এনায়েত মোল্লা বলেন, ‘এই হুইলচেয়ারটি আমার ছেলের জন্য ভীষণ প্রয়োজন ছিল। এটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি।

ভ্যান চালিয়ে তিন ছেলে-মেয়ে নিয়ে কষ্টে দিন কাটাই। এখন হুইলচেয়ারের মাধ্যমে আমার ছেলে চলাফেরা করতে পারবে। আমি সবার জন্য দোয়া করি— আল্লাহ যেন সবার ওপর রহমত নাজিল করেন।’

সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, ‘মানুষের সেবাই আমাদের রাজনীতির মূল চালিকাশক্তি। মানবতার কল্যাণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি।

আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব। বসুন্ধরা শুভসংঘের এমন সেবামূলক কাজে সর্বদা আমার সহযোগিতা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উপদেষ্টা আবুল খায়ের খান, সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু, সহ-সভাপতি ইমতিয়াজ আহম্মেদ, জাহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, গোলাম মাওলা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, কার্যকরী সদস্য সোহেল মিয়া, রফিকুল ইসলামসহ স্থানীয়রা।

বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখার সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে শিশুটির। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লাভলু ভাইয়ের সহযোগিতায় কিছু নগদ অর্থ ও হুইলচেয়ার প্রদান করেছি, এতে তারা অনেক খুশি। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখা কাজ করে যাবে ইনশাআল্লাহ।