রেসিপি : আম-কাসুন্দি চিংড়ি
ছবিঃ সংগৃহীত।
গরমের দিনে টক-মিষ্টি স্বাদের কোনো বিশেষ পদ যদি টেবিলে থাকে, তাহলে খাওয়ার আনন্দ যেন কয়েকগুণ বেড়ে যায়।আর সেই স্বাদের সঙ্গে যদি যোগ হয় চিংড়ির নরম রসালো টেক্সচার, তাহলে তো কথাই নেই! ঠিক এমনই এক অনন্য সংমিশ্রণ হলো আম-কাসুন্দি চিংড়ি।
মজাদার এই পদে কাঁচা আমের টক, কাসুন্দির ঝাঁঝ আর চিংড়ির স্বাদ মিলে তৈরি করে এক অসাধারণ রেসিপি। খুব সহজ উপকরণে ঘরেই বানানো যায় এই লোভনীয় পদ, যা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পারিবারিক ভোজ সব জায়গাতেই এনে দেবে চমক। রইলো রেসিপি-
উপকরণ
মাঝারি মাপের চিংড়ি ৩৫০ গ্রাম
কাঁচামিঠে আম ১টি
কালো সর্ষে ২ টেবিল চামচ
সাদা সর্ষে ১ টেবিল চামচ
পোস্ত ২ টেবিল চামচ
কাঁচামরিচ ৫-৭টি
কাসুন্দি ১ টেবিল চামচ
চিনি ১ চা-চামচ
লবণ স্বাদমতো
হলুদ আধ চা-চামচ
সর্ষের তেল পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
কাঁচামিঠে আম ব্যবহার করলে পদটির টকভাব তুলনামূলক কম থাকে। তবে চাইলে অন্য ধরনের আম দিয়েও এই রান্না করা যায়, সেক্ষেত্রে আম বেশি টক হলে পরিমাণটা একটু কমিয়ে নেওয়াই ভালো। প্রথমে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে ব্লেন্ডারে মিহি করে নিন, অথবা শিলপাটায় বেটে নিতে পারেন।
এরপর সর্ষে, পোস্ত, কাঁচামরিচ, হলুদ ও লবণ একসঙ্গে ব্লেন্ড করে একটি মসৃণ বাটা তৈরি করুন। অন্যদিকে, কড়াইয়ে পরিমাণমতো সর্ষের তেল গরম করে লবণ-হলুদ মাখানো চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে আমের পেস্ট ঢেলে অল্প আঁচে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিন, তারপর এতে সর্ষে-পোস্তর বাটা মিশিয়ে দিন। স্বাদমতো চিনি যোগ করে আরও কিছুক্ষণ রান্না হতে দিন।
সবশেষে কাসুন্দি, চেরা কাঁচামরিচ ও এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা আঁচে কয়েক মিনিট রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই পদটি সবচেয়ে ভালো লাগে, তবে বাসন্তী পোলাওয়ের সঙ্গেও দারুণ মানিয়ে যায়।